সকাল থেকেই মনটা কেমন ছোটবেলায় ফিরে যাচ্ছে। ঠিক পৌষের দিনে সন্ধ্যাবেলায় সকলে মিলে ভাই-বন্ধু কাকা গ্রামের মুরুব্বী সবাইকে সাথে নিয়ে হলুই গানের জন্য বেরিয়ে পড়তাম সন্ধ্যা নাগাদ।
হলুই গান সম্পর্কে নিশ্চয়ই আপনাদের তেমন কোন ধারণা নেই। এটা আমাদের মাগুরার ঐতিহ্যবাহী একটি আয়োজন যেটা কালু গাজীর একটি গানের সম্ভ্রান্ত ভান্ডার থেকে নেওয়া কিছু গান। আসলে হলুই হচ্ছে এমন একটি গান যেটার মাধ্যমে শীতের শেষের দিকে অর্থাৎ পৌষ সংক্রান্তির মেলার পরদিন গ্রামের সকলে মিলে একসাথে একটি ভুরি ভোজের আয়োজন করা। সেখানে শীতের পিঠা, খিচুড়ি, সাদাভাত, শীতের সকল সবজি, তরকারি মিলিয়ে সাথে মিষ্টান্ন যেটাকে গ্রাম্য ভাষায় আতপ চালের পায়েস বলা হয়। গ্রাম্য সংস্কৃতির এই ঐতিহ্যবাহী হোলি গান আমাদের সংস্কৃতির একটি জ্বলজ্বলে নিদর্শন।
মন চায় গ্রামে ফিরে কাঁধে কাঁধ মিলিয়ে খোল, করতাল আর হাততালির সংমিশ্রণে বাড়ি বাড়ি ঘুরে চাল, আলু, ডাল, তেল, মসলা সংগ্রহ করে একটি সুন্দর আয়োজনের মাধ্যমে আমাদের সংস্কৃতির সাথে সম্প্রীতির একটা পরীমেল বন্ধন সৃষ্টি করতে। বিগত দিনের সেই আড্ডা, সুন্দর অনুভূতি যদিও সেই মানুষগুলো এখন কে কোথায় আছে আমরা জানি না। তবুও সংস্কৃতি এই ধারাবাহিকতা আমাদের জীবনকে সুন্দর করবে।

